গলসিতে বিজেপির নেতাদের বিরুদ্ধে পোষ্টার, প্রকাশ্যে কি গোষ্ঠী কোন্দল? পূর্ব বর্ধমান জেলার গলসি ২ নম্বর ব্লকের গোহগ্রাম ও ভূড়ি অঞ্চলের বেশ কিছু যায়গায় বিজেপির ৩ নেতার বিরুদ্ধে পোষ্টার। এই পোষ্টার কি বুঝিয়ে দিচ্ছে বিজিপের ভিতরে চলছে ব্যাপক গোষ্ঠী কোন্দল? প্রশ্ন উঠতে শুরু হয়েছে এলাকা জুড়ে।
পোষ্টারে ২ নেতার ছবি দিয়ে লেখা রয়েছে “উপর নেতৃত্বের কাছে আমাদের দাবি অবিলম্বে এই তোলাবাজদের দল থেকে বহিষ্কার করা হোক, গত ০৪/০২/২৬ তারিখে বাঁকুড়ার হৃদয় পাল, গোহগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কানন মাঝি এবং খন্ডঘোষ বিধানসভার তিন নম্বর মন্ডলের মন্ডল সভাপতি তাপস মল্লিক বর্ধমান রেঁনেসা টাউনসিপে বালি ব্যবসায়ীদের কাছ থেকে টাকা (প্রটেকশন মানি) আনতে গেলে পুলিশ চলে আসায় তারা ছুটে পালায়, পুলিশ ড্রাইভার এবং আর এক যুবককে নগদ সাড়ে ছয় লক্ষ টাকা সহ অ্যারেস্ট করে। তারা পুলিশি জেরাই জানায় এই টাকা হৃদয় পালের।
যার মাথায় কোন প্রভাবশালীর হাত আছে বলে জানা যাচ্ছে। এই দুই তোলাবাজ তৃণমূলের দালাল এখন মিডিয়াকে টাকা দিয়ে সম্ভাব্য প্রার্থী তালিকায় নিজেদের নাম ঘোষণা করাচ্ছে ২০২৬ এ বিজেপির প্রার্থী হবে বলে। এরা যদি বিজেপির প্রার্থী হয় তাহলে বঙ্গ বিজেপির নেতৃত্বের কাছে আমাদের করজোড়ে অনুরোধ পার্টি অফিস গুলোকে তালা দিয়ে দিন।
কারণ স্বর্গীয় শ্যামাপ্রসাদ মুখার্জি এবং স্বর্গীয় অটল জি আজ যেখানে আছেন সেখানে সেখানেও বসে চোখের জল ফেলবেন এই ভেবে যে, তাঁদের স্বপ্নের বিজেপি আজকে লক্ষভ্রষ্ট, তাঁর দলের কার্যকর্তারা আজকে আর দূর্নীতির বিরুদ্ধে লড়াই করছে না, বরং দূর্নীতিবাজদের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে। দয়া করে তাদের আর কষ্ট দেবেন না।”
এই পোষ্টার পড়া নিয়ে গলসির গোহগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কানন মাঝি বলেন “এই পোষ্টার তৃণমূলের চক্রান্ত, সামনেই বিধানসভা নির্বাচন আর সেই জন্য আমাকে কালিমালিপ্ত করতে এই পোষ্টার দিয়েছে”। যদিও তৃণমূল এই পোষ্টার পড়ার ঘটনায় বিজেপির গোষ্ঠী কোন্দলের কথায় বলেছে। গলসি ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শৈলেন হালদার বলেন ” এই পোষ্টার বিজেপির লোকেরাই মেরেছে, গলসি এলাকায় বিজেপির সেরকম কোন শক্তি নেই, মানুষ বিজেপিকে চাইছেনা, ক্ষমতায় না এসেই নিজের মধ্যে খেয়োখেয়ি লেগে গেছে, তাহলে এরা রাজ্যে ক্ষমতায় এলে কি করবে। এই পোষ্টার গোহগ্রাম ও ভূড়ি অঞ্চলে পড়েছে বলে শুনিছি, সম্পূর্ণ নিজেদের গোষ্ঠী কোন্দলের জন্যই এই পোষ্টার পড়েছে”।
উল্লেখ্য কয়েকদিন আগে রাজ্যে পরিবর্তন যাত্রার বিজেপির যে রথ গলসি বাজারে এসেছিলো সেখানে হাতে গোনা কয়েকজন কর্মী সমর্থক দেখা গিয়েছিলো। পরিবর্তন যাত্রার ওই কর্মসূচিতে কর্মীসমর্থক না আসার কারণ ও বিজেপি গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছিলো।









